এক নজরে বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহর
বিশ্বজুড়ে নগরায়ণের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বড় শহরগুলোর জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিছু শহরের বাসিন্দার সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা অনেক দেশের মোট জনসংখ্যার সমান।
জাতিসংঘের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। ২০২৫ সালের জনসংখ্যার ভিত্তিতে তৈরি এই তালিকায় এশিয়ার শহরগুলোরই আধিপত্য দেখা গেছে।
জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ঢাকার জনসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৬ লাখে। ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের টোকিও নেমে গেছে তৃতীয় স্থানে।
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে বিশ্বের শহরগুলোকে একই মানদণ্ডে বিবেচনা করে এই হিসাব করা হয়েছে। ২০২৫ সালের জনসংখ্যার তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ২০৫০ সালের সম্ভাব্য জনসংখ্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
২০২৫ সালে বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহর
১. জাকার্তা, ইন্দোনেশিয়া: ৪ কোটি ১৯ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ১৮ লাখ।
২. ঢাকা, বাংলাদেশ: ৩ কোটি ৬৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ২১ লাখ।
৩. টোকিও, জাপান: ৩ কোটি ৩৪ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৭ লাখ।
৪. নয়াদিল্লি, ভারত: ৩ কোটি ২ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৩৯ লাখ।
৫. সাংহাই, চীন: ২ কোটি ৯৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৪৯ লাখ।
যেভাবে নির্ধারণ করা হয়েছে জনসংখ্যা
জাতিসংঘের নতুন পদ্ধতিতে শহরের প্রশাসনিক সীমানার বাইরেও আশপাশের সংযুক্ত ঘনবসতিপূর্ণ এলাকাকে জনসংখ্যা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য স্যাটেলাইট ও আদমশুমারির তথ্য ব্যবহার করা হয়েছে। প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১,৫০০ জন বাস করেন এবং মোট জনসংখ্যা কমপক্ষে ৫০,০০০—এমন অবিচ্ছিন্ন এলাকাকে শহর হিসেবে গণ্য করা হয়েছে।
নতুন পদ্ধতিতে জাকার্তার প্রশাসনিক সীমানার মধ্যে জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ হলেও, আশপাশের সংযুক্ত নগরাঞ্চলসহ তা ৪ কোটি ১৯ লাখে পৌঁছেছে। ঢাকার ক্ষেত্রেও বৃহত্তর নগরাঞ্চলের জনসংখ্যা বিবেচনা করা হয়েছে।
জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা বেড়ে ৫ কোটি ২১ লাখে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় জাকার্তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসবে ঢাকা। একই সময়ে জাকার্তার জনসংখ্যা হবে ৫ কোটি ১৮ লাখ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮২০ কোটি মানুষের ৪৫ শতাংশ শহরে বাস করেন। ২০২৫ সালে ১ কোটির বেশি জনসংখ্যার মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে, যা ১৯৭৫ সালে ছিল মাত্র আটটি। সূত্র: আর্কআইজ
বিডি প্রতিদিন/একেএ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত