Title: রাজধানীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা চালক নিহত
রাজধানীর কদমতলীর পোস্তগোলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে গিয়ে পড়ে। এতে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন, আর একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)। দুর্ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনও কিছু সময় পর মারা যান। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
মারা যাওয়া দুজনই অটোরিকশা চালক। তারা যাত্রীর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন।
নিহত জাকির হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে। তিনি বর্তমানে কদমতলীর মোহাম্মদবাগ, পাকার মাথা এলাকায় থাকতেন। আর নিহত জাহাঙ্গীর পোদ্দার পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে; তিনি নামা শ্যামপুর এলাকায় থাকতেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/কেএ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত