ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টে এখন চাপে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১০৬ রানের। হাতে আছে আর মাত্র চার উইকেট। শেষ পর্যন্ত লিড ২০০ রানে নিয়ে যেতে চায় বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য, স্বাগতিকদের দ্রুত অলআউট করে ১৫০ রানের নিচে আটকে রাখা।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলারদের দাপটেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। দুই দলই হারিয়েছে ছয়টি করে উইকেট। তবে দিন শেষে কিছুটা স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ। কারণ, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে আটকে দিয়ে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। বল হাতে নাঈম হাসানের দারুণ পারফরম্যান্সে সেই সুবিধা পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে শান্তর দল। মাত্র ৫৩ রানেই হারায় ছয় উইকেট। এরপর জাকের আলী ও নাঈম হাসানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দুজনই অপরাজিত আছেন ১৮ রান করে।
চতুর্থ দিনে দলের লিড আরও বাড়ানোর দায়িত্ব এখন এই দুই ব্যাটারের কাঁধে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম জানিয়েছেন, ২০০ রানের লক্ষ্য দেওয়াই তাদের পরিকল্পনা।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো যত বেশি রান দেওয়া যায়। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি। আমরা যদি লম্বা সময় খেলতে পারি, ইনশাআল্লাহ যত বেশি রান দিতে পারবো, ততই আমাদের জন্য ভালো হবে। ২০০ রান হলে খুবই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।’
বাংলাদেশের পরিকল্পনার বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের চাওয়া দ্রুত ইনিংস শেষ করা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সফরকারীদের সহকারী কোচ ফ্লয়েড রেইফার জানিয়েছেন, চতুর্থ দিনের প্রথম ঘণ্টাই হতে পারে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে জাকের-নাঈমের জুটি ভাঙতে পারলে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি।
রেইফার বলেন, ‘ওদের রান এখন ৬ উইকেটে ৭৯। কাল সকালে নেমে দ্রুত বাকি উইকেটগুলো তুলে নেওয়াই থাকবে আমাদের মূল লক্ষ্য। লক্ষ্যটা যদি ১২৫ রানের মতো হয়, তবে এই উইকেটে তা তাড়া করা আমাদের পক্ষে খুব সম্ভব।’
তবে লক্ষ্য ১৫০ কিংবা ১৭৫ রান হলেও আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ। স্পিনের বিপক্ষে নিজেদের প্রস্তুতির কথাও তুলে ধরেছেন তিনি।
রেইফারের ভাষায়, ‘এমন উইকেটে আমরা ১৫০ কিংবা ১৭৫ রানও তাড়া করতে সক্ষম। ছেলেরা এই পিচে সত্যিই ভালো ব্যাট করছে। দেখাই যাচ্ছে, আমরা স্পিনটা তুলনামূলক ভালো খেলি। স্পিনের বিপক্ষে ব্যাটিং নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি।তিনি আরও বলেন, ‘বিশেষ করে স্ট্রাইক রোটেট করা, রক্ষণ এবং রান তোলার উপায়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। তাই কাল যে লক্ষ্যই দাঁড়াক না কেন, তা তাড়া করে জিততে আমরা পুরোপুরি প্রস্তুত।’
বিষয় : ক্রিকেট

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত