বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। টাইগারদের বর্তমান পারফরম্যান্স নিয়ে বেশ খুশি ক্যারিবীয় কিংবদন্তি। বাংলাদেশের পেসারদের নিয়ে আলাদা করে প্রশংসা করলেন। মিরপুর টেস্ট ধারাভাষ্য দিতে এসে দ্বিতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার ফাঁকে কথা বলেন বিশপ। ম্যাচ দারুণ জমেছে। প্রথম ইনিংসে ৯৭.৪ ওভারে ২৭২ রান তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছে উইন্ডিজ। এখনও ১৩৮ রানে পিছিয়ে সফরকারীরা।
ম্যাচের বিরতিতে বাংলাদেশের পেসারদের নিয়ে বিশপ বলেন. ‘নির্দিষ্ট কোন একজনকে আলাদা করা বেশ কঠিন। তবে নাহিদের সক্ষমতা অনেক উপরে। বিশ্বমানের সুপারস্টার হওয়ার ক্ষমতা তার আছে। ঘণ্টায় ১৫০ কিমি. গতিতে বল করা বোলার পেতে বিশ্বের যেকোনো দল যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। আবার হাসান মাহমুদের কথা বললে, একজন অসাধারণ লাইন বোলার এবং নিজস্ব ধরনে অত্যন্ত কার্যকরী। তানজিদকেও আমরা অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে দেখছি।’
‘হাসান মাহমুদ বিশ্বের অন্যতম সেরা লাইন বোলারদের একজন। যদি তাকে বলেন টানা চার ওভার অফস্টাম্পের বাইরে চতুর্থ স্টাম্পের লাইনে বল করতে, নিখুঁতভাবে করতে পারবে। কেন্ট কাউন্টি দল তাকে সুযোগ দিয়ে বড় করেনি, বরং হাসান আগে থেকেই দুর্দান্ত বোলার ছিল বলেই তারা তাকে দলে নিয়েছিল। তাসকিন, হাসান এবং নাহিদ রানা, এই তিনজনকে একসাথে আবার মাঠে বল করতে দেখার অপেক্ষায় আছি আমি।’
বাংলাদেশ সাফল্যের লোভের আশায় যেন নাহিদ রানাকে হারিয়ে না ফেলে, সেটি বললেন বিশপ- ‘ফাস্ট বোলিং খুবই কঠিন কাজ এবং অন্যদের তুলনায় বেশি চোটপ্রবণ হয়। স্ট্রেস ফ্র্যাকচারের অভিজ্ঞতা থেকে এটা জানি। তাই মেডিকেল টিমকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। যেমন অস্ট্রেলিয়া প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং হ্যাজেলউডদের ক্ষেত্রে করেছে। আমার মূল বার্তা হল, তাৎক্ষণিক সাফল্যের লোভে পড়ে সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না।’

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত