প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
ঘিওরে ধলেশ্বর নদীর পানি হঠাৎ রক্ত লাল
||
দৈনিক জনতার খবর, বাংলাদেশ—সত্যের পথে, জনগণের সঙ্গে। মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর পানির রং হঠাৎ রক্তলাল! আতঙ্কে এলাকাবাসী, তদন্তের দাবি।ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের ওপর দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর পানির রং হঠাৎ অস্বাভাবিকভাবে লালচে হয়ে যাওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নদীর স্বাভাবিক পানির রং পরিবর্তন হয়ে পাটকেল রঙের মতো লালচে আকার ধারণ করায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে নদীতে গোসল করতে আসা মানুষ ও কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারও ধলেশ্বরী নদীর পানি ছিল স্বচ্ছ ও স্বাভাবিক। তবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নদীর পানির পরিমাণ ও স্রোত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেনা, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা ভেসে আসতে থাকে। এক পর্যায়ে নদীর পানির রং অস্বাভাবিকভাবে লালচে হয়ে যায়।এ ঘটনায় নদীতে গোসল করতে আসা অনেকেই বিপদে পড়েন। কেউ কেউ পানির অস্বাভাবিক রং দেখে গোসল না করেই ফিরে যান। পাশাপাশি নদীর পানি কৃষিকাজসহ দৈনন্দিন কাজে ব্যবহার করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।ঘটনার পরিপ্রেক্ষিতে ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীরজা এজাজ আহমেদ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ঘিওর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুরজ্জামান জানান, বিষয়টি পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদীর পানির এমন পরিবর্তন উজান থেকে আসা কোনো ঢল, প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট কোনো কারণে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অন্যদিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আকবরুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উজানে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে কি না, সেটিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।জনমনে নানা প্রশ্ন, দ্রুত তদন্তের দাবি। ধলেশ্বরী নদীর পানির রং পরিবর্তনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো শিল্পকারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ, উজানের পানির প্রবাহে পরিবর্তন, নাকি প্রাকৃতিক কোনো কারণে ঘটেছে—তা নির্ধারণে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা জরুরি।স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত নদীর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হোক। একই সঙ্গে পানির গুণগত মান, পরিবেশ ও জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। নদী আমাদের জীববৈচিত্র্য, কৃষি ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই ধলেশ্বরী নদীর অস্বাভাবিক পরিবর্তনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করা হচ্ছে।সম্পাদক: ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম (নিলয়) দৈনিক জনতার খবর, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৬ দৈনিক জনতার খবর বংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত